ছবির ক্যাপশন:
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’, ‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বড় বাজার শহিদ হাসান চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরি, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, দর্শনা পৌর শাখার সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি শোভন দাস, চুয়াডাঙ্গা জেলা শাখার ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র দে, আলমডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমল বিশ্বাস, সাধারণ সম্পাদক কালু ঘোষ, পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উৎপল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সদস্যসচিব উত্তম রঞ্জন দেবনাথ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের জেলা শাখার সদস্যসচিব হিরালাল দোবে প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশে চলমান পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি একটি উগ্র সাম্প্রদায়িক চেতনা বিরাজ করছে। এবং বর্তমানের অস্থিতিশীল পরিবেশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত এবং আশঙ্কার মধ্যে জীবনযাপন করছে। ভালুকায় দিপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ম অবমাননার দায়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে। তবে যে অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে, সেই অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
বক্তারা আরও বলেন, ‘কেউ অন্যায় করলে তার বিচার করার জন্য প্রশাসন আছে। প্রশাসন বিচার করবে। অন্যায় মানুষ করতেই পারে, তবে তার মানে এই নয় যে তাকে পুড়িয়ে হত্যা করতে হবে। আমরা প্রশাসন এবং সরকারের কাছে এই বর্বরতার বিচার চাই। আমরা সংখ্যালঘু বলে কি আমাদের কোনো অধিকার থাকবে না। এই দেশ আমাদের ও আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক। আর যদি কখনো কোনো দিপু হত্যার মতো নির্মম ঘটনা ঘটে, তবে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যাবো।’
