চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক কামাল হোসেন

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু

আপলোড তারিখঃ 2025-12-22 ইং
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক কামাল হোসেন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের কাছে একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে। এই নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু এবং কোনো ধরনের ভোট কারচুপি ছাড়াই। জেলার মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অতীতের কিছু নির্বাচনে বিতর্ক তৈরি হওয়ায় জনগণের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয়েছে। সে অবস্থান থেকে বেরিয়ে এসে ভুলত্রুটি সংশোধন করে জনগণের আস্থা ফেরাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সভায় তিনি বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, মৎস্য চাষে কোনো ধরনের সার ব্যবহার করা যাবে না এবং মৎস্যচাষীরা কোনো ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন না। একই সঙ্গে জেলার বিভিন্ন বাজারে রোগাক্রান্ত বা অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে স্যানিটারি ইন্সপেক্টরদের নিয়মিত বাজার তদারকির নির্দেশ দেন জেলা প্রশাসক। এছাড়া চুয়াডাঙ্গা জেলাব্যাপী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে চলমান জনসচেতনতামূলক উঠান বৈঠক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।


সভার শুরুতে গত মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু। এরপর জেলার চলমান উন্নয়ন প্রকল্প, বিভিন্ন দপ্তরের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিষ মোমতাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, তথ্য অফিসার শিল্পী মন্ডল, প্রাণিসম্পদ অফিসার ডা. সাহাবুদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।


সভা শেষে জেলা প্রশাসক জানান, এ বছর অতি বৃষ্টির ফলে জীবননগরে খাল ও কালভার্ট গুলোর যে দুরবস্থা হয়েছে তার দ্রুতই সমাধান করতে হবে। মানুষের চলাচল রাস্তা ও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সকল সমস্যার সমাধানে তিন সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)