ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ২০২৩ সালে তার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
