ঝিনাইদহে বন্ড শোরুমে হামলা, আড়াই কোটি টাকার ক্ষতি

মালিকানা নিয়ে বিভ্রান্তির অভিযোগ

আপলোড তারিখঃ 2025-12-21 ইং
ঝিনাইদহে বন্ড শোরুমে হামলা, আড়াই কোটি টাকার ক্ষতি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত ‘বন্ড ক্লথিং হাউস’ নামে একটি পোশাক ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের কোনো মালিকানা বা শেয়ার নেই- এমন দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বন্ড ক্লথিং হাউসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, ‘বন্ড’ একটি দেশীয় পোশাক প্রস্তুতকারী ও বিপণন ব্র্যান্ড, যা দেশের বিভিন্ন বড় শহরে আউটলেট পরিচালনা করছে। ঝিনাইদহ শহরের সাবদার বিশ্বাস মার্কেটের দুটি ফ্লোর ভাড়া নিয়ে গত তিন বছর ধরে এখানে বন্ডের আউটলেট পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবদার বিশ্বাস মার্কেটের একক মালিক যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন নন। পৈত্রিক সূত্রে ভবনটির চারজন মালিক রয়েছেন, যার মধ্যে তিনি একজন মাত্র। তবে বন্ড ক্লথিং হাউসের সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা, মালিকানা বা শেয়ার নেই। বন্ড কর্তৃপক্ষ দাবি করে, একটি মহল ইচ্ছাকৃতভাবে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানার গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা ও অগ্নিসংযোগে প্রতিষ্ঠানটির প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, বন্ড ক্লথিং হাউসের জিএম এএমএম মনিরুজ্জামান, বন্ডের চেয়ারম্যান রবিউল ইসলাম, ভবন মালিক সাংবাদিক জাহিদ হোসেন বিপ্লব, মালিক সমিতির নেতা রবিউল ইসলাম রবি ও শহিদুল ইসলাম মিঠু। 

উল্লেখ্য, গত শুক্রবার বেলা তিনটার দিকে এইচএসএস সড়কের বন্ড ক্লথিং হাউসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)