হাদীর মৃত্যুতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
হাদীর মৃত্যুতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে সাধারণ ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চুয়াডাঙ্গায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্বর সংলগ্ন ‘জুলাই স্মৃতিসৌধ’ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলার সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক তুষার ইমরান। তিনি বলেন, "শান্ত চুয়াডাঙ্গাকে অশান্ত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ওসমান হাদীর ওপর হামলা মানেই সাধারণ মানুষের নিরাপত্তার ওপর আঘাত।" সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, এনসিপি নেতা সোহেল পারভেজ ও জুবায়ের হোসেন, এবং এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত আক্রোশ থেকে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গার গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোঃ সিয়াম হোসেন মুগ্ধ। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মোঃ সলিমিন হোসাইন সোহাগ, আশিক ইকবাল, আবু তালহা, নাসিম বিশ্বাস, রিফাত, মাফুজ, শাওন, ফাহাদ, বিপ্লব, নাজমুল প্রমুখ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)