ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা ও জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ বিদেশ যাত্রার ওপর গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা:
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, এবং চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে কোর্টমোড় প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম.তারিক-উজ-জামান। এসময় তিনি বলেন, ‘আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সারা বিশ্বে দুর্ঘটনায় এবং কর্মরত অবস্থায় যেসব প্রবাসী মৃত্যুবরণ করেছেন এবং তাদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। বিদেশে গেলে আমরা কাউকে মনে রাখি না, এমন অভিযোগ অনেক সময় আমরা পাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বিদেশে যারা যায়, তারা অধিকাংশই তরুণ। তাহলে আমরা বলতে পারি, এ দেশে তারুণ্যের একটা শক্তি আছে। যদিও আমরা সেই তারুণ্যর শক্তিকে সঠিক সময়ে সঠিক স্থানে ব্যবহার করি না।’
জেলা প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনযাত্রায় এমন একটা সময় থাকে, যখন মানুষের কর্মক্ষম উদ্দীপনা বেশি থাকে। পৃথিবীতে আমাদের দেশের কর্মক্ষম লোকের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা একটি জনবহুল দেশ। তাই অন্যান্য দেশ অল্প মজুরিতে বিভিন্ন কর্মে আমাদের নিয়োজিত করে থাকে। আমেরিকার কেউ তো অন্য দেশে গিয়ে অভিবাসী হয় না। আমেরিকার কেউ কি সৌদি আরবে গিয়ে টয়লেট পরিষ্কার করছে? ড্রেন পরিষ্কার করছে? মটর মেকানিক্সের কাজ করছে? করছে না তো। কাজেই এই তারুণ্যের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। তবেই দেশ সমৃদ্ধির পথে এগোবে।’
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর (সিভিল) ময়নুল ইসলাম শুভর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক হাসনা জাহান খুশবু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা শাখার যুগ্ম সদস্যসচিব রনি বিশ্বাস। বিদেশ প্রত্যাগত কর্মীদের মধ্যে বক্তব্য দেন তাজিনুর রহমান।
আলোচনা সভা শেষে তিনজনের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সেরা রেমিট্যান্স প্রেরণকারী (পুরুষ) পুরস্কার গ্রহণ করেন সিঙ্গাপুর প্রবাসী হুমায়ুন কবীর, (মহিলা) জর্ডান প্রবাসী আরিফা বেগম, এবং সেরা রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে পুরষ্কৃত হয় ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা। দিবসটি উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে দিনব্যাপী জব ফেয়ার মেলার আয়োজন করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবা পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ প্রমুখ।সভায় বক্তারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের দক্ষ হয়ে বিদেশ যাত্রা করতে হবে। সেক্ষেত্রে আমরা যে দেশে যাব, সেই দেশের ভাষা ও যে কাজে যাব তার ওপর প্রশিক্ষণ নিয়ে যাব। প্রশিক্ষণ নিয়ে গেলে ভালো বেতন ও মালিক পক্ষের সন্তুষ্টি অর্জন করা যায়। যারা বিদেশে যাচ্ছেন কোনো ভাবেই দালালের খপ্পরে পড়া যাবে না।’
ঝিনাইদহ:
‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এ উপলক্ষে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হচ্ছে। একইসাথে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি ‘জাতীয় প্রবাসী দিবস’। আজকের এই শুভক্ষণে আমি দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
