ছবির ক্যাপশন:
মহান বিজয় দিবসের আনন্দ উদ্যাপন করতে এসে যার চোখে নেমে এসেছিল অশ্রু, সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছোট্ট তুষার। হারিয়ে যাওয়া বাইসাইকেলটি যেন তার শৈশবের হাসিটাকেই কেড়ে নিয়েছিল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে ছিল- ‘আগামীকাল আমি কীভাবে স্কুলে যাব?’ চোখের পানি আর বুকভরা কষ্ট নিয়ে দিন কাটাচ্ছিল তুষার। তার সেই নিঃশব্দ কান্নার গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি নাড়া দেয় অনেকের হৃদয়।’ তবে মানবাধিকার কর্মীদের প্রচেষ্টায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে বিজয় মেলায় তুষারের হাতে তুলে দেন একটি নতুন বাইসাইকেল। মুহূর্তেই কান্নাভেজা চোখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক, হারানো হাসি ফিরে পায় তুষার। বাইসাইকেল পেয়ে বিজয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে তার মুখে। ইউএনও’র হাত থেকে বাইসাইকেল নিয়ে শিশুসুলভ উচ্ছ্বাসে নিজেই চালিয়ে বাড়ির পথে রওনা দেয় শিশু তুষার। সেই দৃশ্যই বলে দেয়- ‘বিজয় শুধু যুদ্ধের নয়, মানবিকতারও।’
