ছবির ক্যাপশন:
দর্শনা পৌর এলাকার আজমপুর যুব সমাজের উদ্যোগে জনদুর্ভোগ কমাতে দুটি রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়েছে। গতকাল বুধবার সকালে আজমপুর ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে এই কাজের সূচনা করা হয়।
এ খবর পেয়ে দর্শনা পৌরসভার প্রশাসক কেএইচ তাসফিকুর রহমান তৎক্ষণাৎ লেবার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ পৌরসভার পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন। তিনি আশ্বস্ত করেছেন যে, এ রাস্তা দুটি দ্রুত উঁচু করে আরসিসি কংক্রিটের রাস্তা করা হবে। পাশাপাশি আজমপুরের পরিত্যক্ত গর্ত খনন করে পানির সুষ্ঠু ব্যবস্থা করা হবে।
পৌর প্রশাসক বলেন, ‘এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তবে ভবিষ্যতে এই ধরনের কাজের আগে পৌরসভাকে অবগত করলে নিয়মমাফিক সুবিধা নেওয়া সম্ভব হবে। আশা করি, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আজমপুর যুব সমাজের ওয়াজ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. মাহাবুব আলাম বলেন, ‘আমাদের ওয়ার্ড বহুদিন ধরে অবহেলিত ছিল। দুটি রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়ছিল। তাই যুব সমাজের উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছি। আমরা পৌর প্রশাসকের সাথেও আলোচনা করেছি এবং তিনি দ্রুত কাজের আশ্বাস দিয়েছেন।’
এসময় উপস্থিত ছিলেন আজমপুর যুব সমাজের ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, আবু বক্কর, আবু সালেহ, হাসিবুল ইসলাম মণ্টু, আব্দুল কাইযুম, আবুল কালাম, ফারুক হোসেন, সোহাগ, রাজু, রানা এবং অন্যান্য সদস্যবৃন্দ।
