ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ এলাকায় অবস্থিত সুবর্ণ মানব কল্যাণ সংস্থা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংস্থাটি নিজস্ব আর্থিক অনুদানে পরিচালিত হয়ে ২০২১ সাল থেকে জেলার বিভিন্ন এলাকায় নীরবে মানবকল্যাণমূলক কাজ করে আসছে। সংস্থা সূত্রে জানা গেছে, সুবর্ণ মূলত শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন স্বেচ্ছাসেবকদের নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মানসিক কাউন্সিলিং, বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে মুরগি, মুরগির ঘর, ছাগল ও আর্থিক সহায়তা দিয়ে থাকে সংস্থাটি।
শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রতি বছরের মতো এবারও সংস্থাটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এর অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার তিওরভিলা গ্রাম এবং চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, বৃদ্ধা ও বিধবা মানুষের মাঝে ভালো মানের কম্বল বিতরণ করা হয়। এছাড়াও সংস্থাটি ঈদুল ফিতরে ঈদের ঐতিহ্যবাহী নাস্তা শেমাই ও লুচির উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়াসহ নানামুখী সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সংস্থাটিতে পেশাদার সার্টিফিকেটধারী কাউন্সিলর না থাকলেও শারীরিক ও দৃষ্টিহীন স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রতিবন্ধী পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন। তাদের দেওয়া কাউন্সিলিং অনেক পরিবারকে হতাশা ও দুর্দশা কাটিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা জোগাচ্ছে। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করেন সংস্থার নির্বাহী সদস্য সুরাইয়া মালিক, সাধারণ সদস্য কোরিয়া প্রবাসী আশরাফ সিদ্দিকী আরিফ ও সানজিদা খাতুন এবং স্বেচ্ছাসেবক মিম্মা সুলতানা মিতা।
