ছবির ক্যাপশন:
উৎসবের রঙে রঙিন উপজেলা মাঠ। চারদিকে জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর বিজয়ের উল্লাস। সবাই যখন মহান বিজয় দিবসের আনন্দে মেতেছে, ঠিক সেই আনন্দের ভিড় থেকে হারিয়ে গেল ১০ বছরের শিশু তুষার আহম্মেদের হাসি। তুষার আহম্মেদ আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের রোকন আহম্মেদের ছেলে। সে আলমডাঙ্গা শহরের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠান দেখতে নিজের শখের বাইসাইকেল নিয়ে উপজেলা মাঠে এসেছিল সে। কিন্তু অনুষ্ঠান শেষে ফিরে তাকিয়ে দেখল- তার সাইকেল নেই। সাইকেলটি ছিল তার স্কুলে যাওয়া-আসার একমাত্র ভরসা।
হারানো সাইকেলের কারণে তুষার ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ‘আগামীকাল স্কুলে যাব কী করে?’
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘বাচ্চাটি কান্নাকাটি করতে করতে আমার কাছে এসেছিল। বিষয়টি গুরুত্বসহকারে দেখতে থানার ওসি সাহেবকে জানিয়েছি।’
মানবাধিকার কর্মী খাইরুল ইসলাম বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের জানমাল নিরাপদ রাখা। নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় এমন চুরি হয়েছে। এই দায় প্রশাসন এড়িয়ে যেতে পারবে না।
