ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ভোট গ্রহণ আর হবে না। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের জন্য একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পথ সুগম হলো।
মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোজাম্মেল আয়ম (যুগান্তর), সহসভাপতি নাসের চৌধুরী (নিউজ টাইমস), সাধারণ সম্পাদক মাহাবুর চান্দু (মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও ডি নিউজের জেলা প্রতিনিধি), যুগ্ম সম্পাদক এ সিদ্দিকী শাহীন (দিনের খবর, জবাবদিহি) এবং অর্থ সম্পাদক দিলরুবা খাতুন (বাসস/প্রতিদিনের সংবাদ)।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক কালু এবং সদস্য ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে আইনগত প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি মেহেরপুরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
