ছবির ক্যাপশন:
এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন মেহেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় তাঁর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনায় তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ কামরুল ইসলাম মেহেরপুরে একটি ফিলিং স্টেশন পরিচালনা করতেন। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি কলেজপাড়ার বাসিন্দা হায়দার আলীর ছেলে। তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তাঁর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। ওই সময় তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নিখোঁজ কামরুল ইসলামের সন্ধানে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।’ অপহরণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো পাওয়া যায়নি। তবে দ্রুত তাঁর সন্ধান পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
