ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন ভারতে স্থায়ীভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে নিয়মিত টহল পরিচালনাকালে নিশিকান্ত বিশ্বাস (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি ভারতের নদীয়া জেলার কতোয়ালী থানাধীন দেওগাছী মাঠপাড়া গ্রামের বাসিন্দা এবং ভারতে স্থায়ীভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিক। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. ওয়াহেদুর রহমান।
একই দিন ও একই সময়ে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক আরেকটি অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করার সময় আরও দুজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে, গতকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লাপাড়া গ্রামের মো. হাসানের আম বাগান থেকে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আব্বাস আলী।
