শাসক রাষ্ট্র পরিচালনার ম্যানেজার: মামুনুল হক

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের দুই দিনব্যাপী মহাসম্মেলন সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-12-15 ইং
শাসক রাষ্ট্র পরিচালনার ম্যানেজার: মামুনুল হক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলার অরাজনৈতিক ধর্মীয় সংগঠন জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন নানা আলোচনা ও প্রশাসনিক সমন্বয়ের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৩ ও ১৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।


উলামা পরিষদের দায়িত্বশীলদের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা ও চলমান রাজনৈতিক ইস্যুর কথা উল্লেখ করে মহাসম্মেলনের প্রথম দিনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিনের সম্মেলন আধাঘণ্টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম সমাপ্ত করা হয়।


দ্বিতীয় দিনের সম্মেলনের আগে উলামা পরিষদের দায়িত্বশীলরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে দ্বিতীয় দিনের সম্মেলন রাত ১০টার মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। ওই সময়সীমার মধ্যেই দ্বিতীয় দিনের মহাসম্মেলন শেষ হয়।


এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, মহাসম্মেলনে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তিনি বলেন, সম্মেলনের পূর্বানুমতি না নেওয়া এবং নির্বাচনের তফশিল ঘোষণা-পরবর্তী আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ করতে বলা হয়েছিল। পরে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়।


দুই দিনব্যাপী মহাসম্মেলনের সভাপতিত্ব করেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসেমী। মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।


মামুনুল হক বলেন, শাসক রাষ্ট্র পরিচালনার ম্যানেজার। ম্যানেজার চাইলেই প্রতিষ্ঠানের ভেতর সবকিছু করতে পারে না। তদ্রুপ রাষ্ট্রের মধ্যে সরকার যা ইচ্ছা তাই করতে পারে না। এই রাষ্ট্রের সরকার আল্লাহ, তিনি যে বিধান দিয়েছে, সেই ভাবেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানের বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার বিধান আল্লাহ কাউকে দান করেননি।


তিনি আরও বলেন, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চুরি-বাটপারি থাকবে না, জনগণের অর্থ সম্পদ লুট হবে না, মানুষের অধিকার পূরণ হবে, জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ খুব মেহনত করে, অল্প অল্প পুঁজি জমা করে ব্যাংকে যাতে শেষ বয়সে ভালো ভাবে থাকতে পারে। কিন্তু কোনো এক শিল্পপতি সেই টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যায় । গোটা রাষ্ট্রযন্ত্র দুর্নীতিতে পরিণত হয়েছে। তাই আজ আমাদের এই দশা। আজ যদি এই ১৮ কোটি মানুষ একত্র হতো, তবে কোনো দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না।


আল্লামা মামুনুল হক বলেন, জুলাই যোদ্ধারা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। আপনাদের এই চুয়াডাঙ্গাতেও অনেকে শাহাদাত বরণ করেছে রক্ত দিয়েছে। এই প্রাণ, রক্ত দেওয়ার একটাই উদ্দেশ্যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য এই আন্দোলনের নামই ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। 


তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ধান্দাবাজি করা হয়েছে, ভন্ডামি করা হয়েছে। এখনো অবধি মুক্তিযুদ্ধের যোদ্ধাদের কোনো বিশুদ্ধ তালিকা হয়নি। কারণ বিশুদ্ধ তালিকা হলে তো আর ভন্ডামি করা যাবে না। তখন শহিদ পরিবাররা সুবিধা পাবে, শহিদ পরিবারের মাথা বিক্রি করে রাজনীতিবিদদের ধান্দা বন্ধ হয়ে যাবে অনেক ধান্দা হয়েছে আর না, আমরা তো এখনো রাষ্ট্র ক্ষমতা পাইনি, আল্লাহ যদি আমাদের সামর্থ্য দান করেন, ইনশাআল্লাহ ১৯৭১ সালের বীর শহিদদের নামের তালিকা ৫৫ বছর পর প্রণয়ন করে দেখিয়ে দেব।


আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আরও বক্তব্য দেন কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, জীবননগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহারী, সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ আনসারী, দামুড়হুদা শাখার সেক্রেটারি মুফতি আব্দুস সবুর এবং মেহেরপুর উলামা পরিষদের সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)