চুয়াডাঙ্গায় জেএসডির দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-12-11 ইং
চুয়াডাঙ্গায় জেএসডির দুই প্রার্থীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত গণতন্ত্র মঞ্চ সমর্থিত চুয়াডাঙ্গা-১ আসনে তৌহিদ হোসেন এবং চুয়াডাঙ্গা-২ আসনে অধ্যাপক শেখ সেলিম সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মোহাম্মদ তৌহিদ হোসেন। লিখিত বক্তব্য পড়ে শোনান চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অধ্যাপক শেখ সেলিম।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ-উত্তর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ জাতিগোষ্ঠীর প্রয়োজনে আমরা সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। তিনি তা না করে বরং বহুদলীয় গণতন্ত্রের পথকে রুদ্ধ করে একদলীয় শাসনের নামে বাকশাল কায়েম করেছিলেন। সে সময় সরকারের ফ্যাসিবাদী এই মনোভাবের কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল সংগ্রাম করেছে। সংগ্রামকালীন আমাদের বহু নেতা-কর্মী অকাতরে জীবন দিয়েছে জনগণের মুক্তির সংগ্রামে।


তিনি আরও বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নতুন বাংলাদেশ নির্মাণে ইতোমধ্যে ১০ দফা কর্মসূচি গ্রহণ করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই কর্মসূচিতে রয়েছে- দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়তে বিভাগীয় পর্যায়ে প্রাদেশিক সরকার গঠন, শ্রম-কর্ম-পেশাভিত্তিক পার্লামেন্টের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, প্রশাসনকে দলীয়করণমুক্ত করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে উপজেলা-ভিত্তিক শিল্প অঞ্চল গড়ে তোলা, আইএলও জেনেভা কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা।


তিনি বলেন, আমরা একাত্তর ও জুলাই অভ্যুত্থানের জনআকাক্সক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো সংস্কার করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্র দখলমুক্ত, দলীয় বলয়মুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভয়-ভীতিহীন পরিবেশ নিশ্চিত করার দাবি করছি। কারণ দেশের মানুষ ভালো নেই। জাতির নিরাপত্তার স্বার্থে এ নির্বাচন জরুরি হয়ে পড়েছে। জেএসডি ও গণতন্ত্র মঞ্চ আগামী নির্বাচনেও জোটবদ্ধ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে। আশা করি এসব নিশ্চিত হলে আমরা চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ‘চুয়াডাঙ্গা ফার্স্ট’ শিরোনামে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে দলীয় কর্মসূচির আলোকে ভূমিকা রাখব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা আহ্বায়ক কমিটির সদস্য লাবলুর রহমান, সাফায়েতুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, নাজিম উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)