আলমডাঙ্গায় কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শরীফুজ্জামান

যুবসমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে ভাবতে হবে

আপলোড তারিখঃ 2025-12-11 ইং
আলমডাঙ্গায় কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভোগাইল বগাদি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তরুণ সমাজকে সঠিক পথে, সুস্থ বিনোদনে ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার একটি মহৎ উদ্যোগ। কোকো ছিলেন একজন নিভৃতচারী ক্রীড়াবিদ, যিনি দেশের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে নীরবে কাজ করেছেন। তাঁর স্মৃতিতে এমন আয়োজন করতে পারা সত্যিই গর্বের বিষয়।’


তিনি আরও বলেন, ‘আজ আমাদের যুবসমাজ নানা ধরনের চাপ ও বিভ্রান্তির মধ্যে থাকে। তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুযোগ, দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবেশ। খেলাধুলা সেই পরিবেশ তৈরি করে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, দলবদ্ধভাবে কাজ করতে শেখায়, দায়িত্ববোধ বাড়ায় এবং মাদকাসক্তি থেকে দূরে রাখে। আলমডাঙ্গার যুবসমাজ যে খেলাধুলার প্রতি এমন আগ্রহ দেখাচ্ছে- এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য অত্যন্ত শুভ লক্ষণ।’
শরীফুজ্জামান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, ‘আজ দেশে গণতন্ত্র কঠিন পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছে। আমরা সবসময় চাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, মানুষের অধিকার ফিরে আসুক। এ জন্য আমরা মাঠে-ময়দানে আছি এবং থাকব। তবে রাজনৈতিক মতভেদ থাকলেও আমাদের সমাজ, আমাদের যুবসমাজ ও দেশের উন্নয়ন নিয়ে সবাইকে একসঙ্গে ভাবতে হবে।’


এসময় তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। সৎ পথে থেকো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকো, নিজেকে দক্ষ করে গড়ে তোলো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত হও- এটাই তোমাদের শক্তি, এটাই তোমাদের পরিচয়।’


স্থানীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এ ধরনের আয়োজন রাতারাতি সম্ভব হয় না। সংগঠকদের অক্লান্ত পরিশ্রম, খেলোয়াড়দের আন্তরিকতা এবং দর্শকদের ভালোবাসা এই টুর্নামেন্টকে সফল করেছে। আমি আয়োজক ভোগাইল বগাদী ইয়াং স্টার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তারা যেন তরুণ সমাজকে এগিয়ে নিতে এমন উদ্যোগ চালিয়ে যেতে পারে।’


শেষে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। কিন্তু নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত চেতনা ধরে রাখতে পারলেই প্রকৃত বিজয় অর্জিত হয়। তোমরা সবাই সে মানসিকতা নিয়েই আগামীর দিকে এগিয়ে যাবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, জেলা যুবদলের সহসভাপতি দেলোয়ার জাহান ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ ও যুবদল নেতা সেলিম রেজা।


টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২২ রানে বগাদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)