গাজর চাষে স্বপ্ন বুনছেন উথলীর ইউনুছ

আপলোড তারিখঃ 2025-12-10 ইং
গাজর চাষে স্বপ্ন বুনছেন উথলীর ইউনুছ ছবির ক্যাপশন:

রাসেল হোসেন মুন্না, উথলী:
পুরো জমিজুড়ে সবুজের সমারোহ দেখে প্রথমে অনেকেই বুঝতে পারছেন না কোন ফসল এটি। কেউ মনে করেছেন ধনেপাতা, কেউ আবার ভেবেছেন অন্য কোনো শাকসবজি। পরে জানা যায়, এটি গাজর চাষ। জীবননগর উপজেলার উথলী গ্রামে নতুন করে শুরু হয়েছে গাজর চাষ। উথলী গ্রামের যুবক ইউনুছ আলী আড়াই বিঘা জমিতে গাজর আবাদ করে চমকে দিয়েছেন অনেককে। তিনি বলেন, উথলী বাসস্ট্যান্ডে ‘বাংলা মটরস’ নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই পেশার পাশাপাশি আমি কয়েক বছর ধরে বিভিন্ন সবজির চাষ করছি। ধারাবাহিকভাবে এবার আমার লিজকৃত আড়াই বিঘা জমিতে দুই মাস আগে গাজরের বীজ বপন করি। এখন চারাগুলো ভালোভাবেই বেড়ে উঠেছে। অল্প কিছুদিনের মধ্যেই গাজর বাজারজাত করতে পারব বলে আশা করছি। আল্লাহ রহমত করলে ফলনও খুব ভালো হবে।


ইউনুছ আলী আশাবাদী হয়ে বলেন, গাজর চাষে এই বছর আমি স্বাবলম্বী হবো বলে বিশ্বাস করি। আমি কৃষক পরিবারের সন্তান, তাই ব্যবসার পাশাপাশি চাষাবাদ করতে আমার ভালো লাগে। এর আগে ইউনুছ আলী ধনেপাতা, কচু, মূলা, ফুলকপিসহ নানা সবজির আবাদ করে লাভবান হয়েছেন বলেও জানান।


উথলী গ্রামের মাঠে নিয়মিত যাতায়াতকারী জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, উথলীতে নিয়মিত মাঠে যাই। কিন্তু ইউনুছ ভাই ছাড়া আর কাউকে গাজর চাষ করতে দেখিনি। তিনি সত্যিই প্রশংসার যোগ্য। উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, গাজর লাভজনক একটি ফসল হলেও এই এলাকার কৃষকরা তেমন একটা চাষ করেন না। তবে হাসাদাহ এলাকায় কিছু চাষ হয়। চলতি মৌসুমে পুরো জীবননগর উপজেলায় মোট ৫১ একর জমিতে গাজর চাষ হয়েছে। আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।


গাজর চাষ লাভজনক উল্লেখ করে তিনি আরও বলেন, দোআঁশ মাটি, মানসম্মত বীজ এবং সঠিক পরিচর্যা থাকলে গাজরের ফলন ভালো হয়। বীজ বপনের আগে বীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত চারা ওঠে। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং চারা পাতলাকরণ অত্যন্ত জরুরি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)