ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত উবায়দুর রহমান সাহেলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার চলমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিকরা। বিশেষ আলোচনার বিষয় ছিল- মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ, দামুড়হুদা বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের যানজট সমস্যা, প্রধান সড়কের পাশে যত্রতত্র আবর্জনার স্তুপ (ডুগডুগি হাসপাতালের সামনে ও দর্শনা রেলগেট এলাকা), কার্পাসডাঙ্গা ও উপজেলায় ২-৩টি উপযুক্ত স্থানে ধানের হাট স্থাপনের দাবি, উন্নয়নমূলক কাজের তথ্য জনগণের কাছে নিয়মিত পৌঁছানো ইত্যাদি।
সাংবাদিকরা বলেন, বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য সাধারণ মানুষ জানতে না পারায় অনেক ইতিবাচক কাজ আড়ালেই রয়ে যায়। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নিয়মিত তথ্য সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় ইউএনও উবায়দুর রহমান সাহেল সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার দায়িত্বের প্রথম দিন থেকেই আমি চাই আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে। পরিবারে মূল্যবোধ না থাকলে সমাজে শৃঙ্খলা আসবে না। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সার, প্রাণিসম্পদ, সমাজসেবা-এসব বিষয়ে আপনাদের মাধ্যমে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো নিয়ে আমি আন্তরিকভাবে কাজ করব।’
ইউএনও সাহেল বলেন, ‘আমার বদলি মূলত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে। নির্বাচনের আগে ও পরে যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকে, তা নিশ্চিত করতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহামেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সদস্য শেখ হাতেম, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।
