ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।
এনডিসি আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা পুলিশের আরআই মো. খসরুল আলম, সদর থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) হোসেন আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস- উভয় দিনই জাতীয়ভাবে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়। কর্মসূচিগুলো সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান সভার সভাপতি নির্বাহী অফিসার রিফাত আরা। সভায় সিদ্ধান্ত হয়, ১৪ ডিসেম্বর বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অস্ত্রধারী সংগঠনগুলোর সমন্বয়ে মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মূল অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়।
