দামুড়হুদার নাটুদাহ হাইস্কুল মাঠে ‘ইত্যাদি’র পর্ব ধারণ

উৎসবে পরিণত হলো পুরো এলাকা

আপলোড তারিখঃ 2025-12-07 ইং
দামুড়হুদার নাটুদাহ হাইস্কুল মাঠে ‘ইত্যাদি’র পর্ব ধারণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শান্ত-স্নিগ্ধ গ্রামীণ জনপদ নাটুদাহ। আর সেই জনপদের নাটুদাহ হাজার দুয়ারী হাইস্কুল মাঠ যেন গতকাল শনিবার সন্ধ্যায় রূপ নিলো এক উৎসবমুখর মিলনমেলায়। কারণ সেখানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের বহুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের ভিডিও ধারণ। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলে স্কুল মাঠের প্রতিটি কোণে আলো, দর্শকের ভিড় আর উচ্ছ্বাসে জমে ওঠে এক অনন্য পরিবেশ।
প্রচলিত স্টুডিওর সীমাবদ্ধতা থেকে বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবন তুলে ধরার যে চর্চা ‘ইত্যাদি’ বহু বছর ধরে করে আসছে, সেই ধারাবাহিকতারই অংশ চুয়াডাঙ্গায় এবারের আয়োজন। প্রাকৃতিক সৌন্দর্য্য, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য, স্থানীয় মানুষের জীবনযাত্রা- সবই ফুটে ওঠার অপেক্ষায় নতুন পর্বে।


ইত্যাদি অনুষ্ঠান দেখতে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন নানা বয়স ও পেশার মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুর সাথে, আবার কেউ শুধু ‘ইত্যাদি’র লাইভ দৃশ্য দেখার আকাক্সক্ষা নিয়ে। স্কুল মাঠে ভিড় যেন উৎসবকেও ছাড়িয়ে যায়- শিশু-কিশোর, প্রবীণ, নারী-পুরুষ সবার চোখে মুখে প্রত্যাশার আলো।


বরাবরের মতো অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল চুয়াডাঙ্গা নিয়ে নির্মিত গানের অংশ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। গানের তালে তালে চুয়াডাঙ্গার প্রায় ৫০ জন নৃত্যশিল্পী পরিবেশন করেন চমৎকার গ্রুপ নাচ, যা মুগ্ধ করে হাজারো দর্শককে।


আর আগের মতোই মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির ধারক ও বাহক হানিফ সংকেত। তাঁর স্বাভাবিক উপস্থাপনা, রসবোধ ও প্রতিটি অংশের নিখুঁত সমন্বয় দর্শকদের হৃদয় জয় করে নেয়।


ইত্যাদি দেখতে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত ইউএনও কে.এইচ. তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। দামুড়হুদা মডেল থানার পুলিশের সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)