ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ রানা (২২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর-রামনগর সড়কে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের পশ্চিম পাড়ার হযরত আলীর ছেলে। দুর্ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আ.ক.ম নাসিম-উজ-জামান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী মুস্তাফিজুর রহমান বলেন, দূর থেকে একটি বিকট শব্দ শুনে দ্রুত সেখানে যেয়ে দেখি একজন রাস্তায় পড়ে আছে। অনেক লোক থাকলেও কেউ তাকে তুলছিল না। শেষমেষ আমিসহ কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার মোবাইলের মাধ্যমে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। উনি আলমসাধুচালক। পাখিভ্যান চালকের কিছুই হয়নি তেমন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আ.ক.ম নাসিম-উজ-জামান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৮-১০ জন লোক একজন আহত ব্যক্তিকে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাই। নিহতের চাচাতো ভাই আবুজার মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর এলাকার একজন আমাকে ফোন দিলে দ্রুত হাসপাতালে আসি। এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই।’
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের হাসপাতালে ডিউটিরত পুলিশের সহযোগিতায় তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন আসে।’ তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
