ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র দুই বছরের ফুটফুটে শিশু সোলাইমান ইসলাম (লাবিব) পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে। শিশুটি ওই গ্রামের হাসান আলী ও সুমি খাতুন দম্পতির একমাত্র ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা দুইটার দিকে লাবিব বাড়ির উঠানে খেলছিল। তার মা সুমি খাতুন তখন ঘরের ভেতর কাজ করছিলেন। কিছুক্ষণ পর তিনি ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় তার বড় মেয়ে প্রথমে বাড়ির সামনের বড় পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন এবং বাবাকে ডাক দেন।
চিৎকার শুনে লাবিবের বাবা হাসান আলী ছুটে এসে পুকুরে নেমে শিশুটিকে দ্রুত উদ্ধার করেন। কিন্তু ওঠানোর পরই নিশ্চিত হন- পানিতে ভেসে থাকা মৃতদেহটি তাদেরই সন্তান লাবিব। মুহূর্তেই পরিবারে নেমে আসে নিস্তব্ধতা আর কান্নার রোল। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ছুটে আসে এবং বিলাপ শুরু হয় পুরো উঠানজুড়ে।
পরে পুলিশি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিন শনিবার রাত ৯টার দিকে ভোগাইল কবরস্থানে ছোট্ট লাবিবের দাফন সম্পন্ন হয়। দাফনের সময় উপস্থিত সকলেই শিশুটির অকাল মৃত্যুতে অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিশু লাবিবের এ মর্মান্তিক মৃত্যুতে পুরো ভোগাইল বগাদী গ্রাম আজ শোকাচ্ছন্ন। এলাকাবাসী জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য বহু বছরেও দেখেনি তারা। পরিবারটির প্রতি সকলেরই সমবেদনার জোয়ার।
