ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জুম্মার নামাজ পড়তে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ (৬০) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের নগরবোয়ালিয়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নগরবোয়ালিয়া গ্রামের মৃত দাউদ প্রামাণিকের ছেলে।
জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাইসাইকেল নিয়ে বের হয়েছিলেন আবুল কালাম আজাদ। এসময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে এসে তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম আজাদ মৃত্যুকালে স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। পরিবারের সদস্যরা আকস্মিক এই মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন। দুর্ঘটনার পর পিকআপচালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কটি বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পিকআপ ভ্যানটি শনাক্তে সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
