ছবির ক্যাপশন:
দর্শনায় মরমী সাধক আফতাব শাহ স্মরণে ২৬তম তিরোধান দিবস ও চার দিনব্যাপী লোকসংস্কৃতি (বাউল) মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডুসহ বিভিন্ন লোকজ খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলা দেখতে মেলার মাঠে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো মানুষের ঢল নেমে আসে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাঁজা আবুল হাসনাত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। আলোচক হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মশিউর রহমান।
অতিথিরা বলেন, আকন্দবাড়িয়া বাউল পরিষদ প্রতি বছর যে বাউল মেলা ও লোকজ সংগীতের আয়োজন করে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই আয়োজন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি লালন করে যাচ্ছে, যা বর্তমানে দেশে খুবই বিরল হয়ে পড়েছে।’ তারা আরও বলেন, ‘বাউল সংগীত, যাত্রাপালা, যারি গান, লাঠিখেলা ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে আমাদের পুরোনো দিনের ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি, বিশিষ্ট বাউল শিল্পী ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু।
