ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ চত্বরে এ আয়োজনের শেষ দিনের অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, এছাড়া অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিচুর রহমান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি হলো মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি। কিন্তু দেশে এখনো পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা তৈরি হয়নি। অনেকেই কী খাবেন, কেন খাবেন বা কীভাবে খাবেন- এই মৌলিক তথ্যও পুরোপুরি জানেন না। ঘরে পুষ্টিকর খাবার থাকলেও সঠিক সংরক্ষণ ও রান্নার অভাবে তার পূর্ণ উপকার মেলে না। তাই পরিবার, স্কুল ও সমাজপর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। বক্তাদের মতে, দেশীয় খাবারে রয়েছে অগণিত পুষ্টিগুণ, যা সঠিকভাবে গ্রহণ করতে পারলে অপুষ্টি কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গড়ে উঠবে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি।
মেলায় ১২টি স্টল অংশ নেয়। মূল্যায়নের ভিত্তিতে তিনটি স্টলকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান: জৈব বালাইনাশক সেন্টারের আসলাম উদ্দিন সোহাগ, দ্বিতীয় স্থান: বিসমিল্লাহ নার্সারির সজল আহম্মেদ ও তৃতীয় স্থান: মোহাম্মদী ফার্টিলাইজারের আব্দুল হাই সিদ্দিকী। এছাড়া বিশেষ কৃষিজ পণ্য প্রদর্শনের জন্য আরও বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। বারোমাসি কাঁঠালে: আব্দুর রাজ্জাক (চুয়াডাঙ্গা পৌর এলাকা), শাহী পেঁপে: সোহাগ হোসেন (আলুকদিয়া, সদর), মিষ্টি কুমড়া: উজ্জল হোসেন (পীরপুর, সদর), বাতাবি লেবু: কুতুব উদ্দীন (বড় গাংনী, আলমডাঙ্গা), চালতা: আতিকুর রহমান (দক্ষিণ গোবিন্দপুর, আলমডাঙ্গা), শাহী পেঁপে: আবু সাঈদ মোহাম্মদ হাসান (জুড়ানপুর, দামুড়হুদা), গ্রীষ্মকালীন পেঁয়াজ: জাহেরুল ইসলাম (জীবননগর) ও আঙুর: আশরাফুল ইসলাম লাল (জীবননগর)।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শেষ হলেও পুষ্টি জ্ঞানের বিস্তার ও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কার্যক্রম আরও গতিশীল হবে।
