চুয়াডাঙ্গার তালতলায় নির্বাচনী কর্মী সভায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান

প্রতিটি কর্মীকে ঘরে ঘরে ভোটারদের কাছে পৌঁছাতে হবে

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
চুয়াডাঙ্গার তালতলায় নির্বাচনী কর্মী সভায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় তালতলার তেঁতুল তলায় এ নির্বাচনি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে যে নির্বাচন আসছে- এটি শুধু একজন প্রার্থীর জয়ের নির্বাচন নয়, এটি মানুষের অধিকার, ন্যায়-নিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আজ দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় তাদের ভোটের অধিকার নিরাপদ থাকুক, চায় এমন একটি রাষ্ট্র, যেখানে ন্যায়বিচার ও সমতা থাকবে। সেই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে আরও সংগঠিত হতে হবে, আরও সচেতন ও দায়বদ্ধ হতে হবে।’


তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া, প্রতিটি ভোটকেন্দ্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার মানুষ আমাকে স্নেহ-ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করেছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে চাই। কিন্তু একজন মানুষ বা একজন প্রার্থীর পক্ষে এই লড়াই সম্ভব নয়-এটি সবার লড়াই। দলের প্রতিটি কর্মীকে এখন ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন পরিবর্তন প্রয়োজন।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ। তবুও পুরো জাতি তার জন্য দোয়া করছে, কারণ তিনি জীবনের বড় একটি অংশ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ব্যয় করেছেন। তারেক রহমান দেশ-বিদেশে যেসব নির্যাতন সহ্য করেছেন- তা এই জাতি ভুলে যায়নি। আমরা চাই একটা মুক্ত পরিবেশ, একটা স্বচ্ছ নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে।’


তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘বিভক্ত হয়ে কোনো দল শক্তিশালী হতে পারে না। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই- গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। তাই ব্যক্তিগত মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, হতাশা ও ক্ষোভ, সব ভুলে গিয়ে এখন এক হয়ে কাজ করার সময়। মনে রাখবেন, আন্দোলন ও নির্বাচনে সফলতা আসে সংগঠনের শক্তি থেকে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের ধরা দেবেই।’


সবশেষে তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি- নির্বাচিত হলে চুয়াডাঙ্গার উন্নয়নই হবে আমার প্রথম কাজ। তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, সব সেক্টরে পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আমি কাজ করব। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে এই নির্বাচনকে সফল করি।’


কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সহসভাপতি ইনতাজ আলী, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক জোয়ার্দার ও ওজুল হোসেন। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিম হাসানের সঞ্চালনয় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মশিউর রহমান রানা, গোলাম মোস্তফা বুড়ু, নবীছদ্দীন, জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজম আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)