ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। তিনি কারখানার মালিক আনোয়ারুল ইসলামকে জরিমানা করেন। আনোয়ারুল ইসলাম জীবননগর উপজেলার উথলী গ্রামের রবিউল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়া অবৈধভাবে জৈব সার প্যাকেটজাত ও মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছিল। যা সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(৩) ধারার স্পষ্ট লঙ্ঘন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্ এবং দামুড়হুদা মডেল থানার এসআই শিহাবের নেতৃত্বে পুলিশের একটি টিম।
