ছবির ক্যাপশন:
জরুরি রোগীসেবা ব্যতীত সব ধরণের সেবা বন্ধ রেখে দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলার নার্স ও মিডওয়াইফরা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখা এবং চুয়াডাঙ্গার মিডওয়াইফরা এই কর্মসূচি পালন করেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে সবুজ ও গোলাপি ইউনিফর্ম পরিহিত শতাধিক নার্স, ইন্টার্ন নার্স ও নার্সিং শিক্ষার্থী জড়ো হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোছা. রেহেনা পারভীন, সাধারণ সম্পাদক মোছা. নাজমিন আক্তার, নেতা মোছা. তহমিনা খাতুন, সাহিদা খাতুন শাঁতাসহ জেলার রেজিস্টার্ড নার্স ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
৮ দফা দাবির মধ্যে রয়েছে- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অবিলম্বে অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতির ব্যবস্থা এবং নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়। এছাড়া ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালুর আহ্বান জানানো হয়েছে।
বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একীভূত নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো গঠনের পাশাপাশি নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা পুনর্বিন্যাস, পূর্বের সরকারের সময় চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন এবং শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাত অনুযায়ী নতুন নার্সিং পদ সৃষ্টি করে নিয়োগের দাবি জানান।
তারা বলেন, দীর্ঘদিন দাবি জানানো হলেও বাস্তবায়নের উদ্যোগ নেই। ফলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২৪ তারিখে এ সকল নার্সরা জেলা প্রশাসক বরাবর আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন। সেসময়ই তারা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সেই কঠোর আন্দোলনের অংশ হিসেবে আজ প্রতীকী শাটডাউন কর্মসূচি করেন তারা। দাবি পূরণ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন পালনের ঘোষণা দেন আন্দোলনরত নার্সরা।
