ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির মো. রুহুল আমিন দর্শনা পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে বের হন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে রুহুল আমিন বলেন, ‘চুয়াডাঙ্গা-২ আসনের সার্বিক উন্নয়ন- বিশেষ করে শিক্ষা, শিল্পায়ন ও ধর্মীয় সম্প্রীতির বিকাশে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের মধ্যে ইতোমধ্যে পরিবর্তনের স্রোত দেখা যাচ্ছে, আর এই পরিবর্তনের পূর্ণতা পাবে জামায়াতে ইসলামীর মাধ্যমে।’ তিনি আরও বলেন, ‘একটি উন্নত দেশ গড়তে, সংস্কৃতি পরিবর্তনে, বেকার সমস্যা সমাধানে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং দর্শনা পৌরসভাকে সুন্দরভাবে গড়ে তুলতে জামায়াতের দাঁড়িপাল্লায় আপনাদের সমর্থন চাই।’
রুহুল আমিন পরানপুর মহল্লার ঈদগাহ সংলগ্ন শেষপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি পরানপুর, চটকাতলা, পুরাতন বাজার, দর্শনা রেলবাজারের কাঁচাবাজার, বাসস্ট্যান্ড, হল্টস্টেশন, পাশ্ববর্তী এলাকা এবং আনোয়ারপুর-হঠাৎপাড়ায় গণসংযোগ চালান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর জামায়াতের আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, পৌর সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, শ্রমিককল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আজিজুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।
