ছবির ক্যাপশন:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এসব জেলার প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় ৩৪টি স্টলসহ খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদের বহুমুখী সম্ভাবনা তুলে ধরা হয়; অন্যদিকে আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর, ঝিনাইদহ ও মেহেরপুরে গবাদিপশুর উন্নত জাত, আমিষ উৎপাদন বৃদ্ধি ও কৃষক উদ্যোক্তাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা।
চুয়াডাঙ্গা:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা ভেটেনারি হাসপাতাল ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠানটি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতির বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এখানে অনেক খামারি এসেছেন, তাদের নিজস্ব পালিত প্রাণি নিয়ে, যেগুলোর ডিম মাংস আমরা বাজার থেকে কিনে খাবো। যারা এখানে উৎপাদনের সাথে জড়িত আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এগুলো সুস্থ পরিবেশে লালন পালন করার জন্য। যাতে আমরা ভোক্তা হিসেবে যারা এটা খাবো, আমাদের যাতে স্বাস্থ্যের ঝুঁকি না হয়। এগুলো আপনি নিজেও কিন্তু খাবেন, হ্যাঁ নিজের টা না খেলেও বাইরে থেকে কিনে হলেও খাবেন, এখন আপনি যদি সঠিকভাবে উৎপাদন না করেন, আপনার মতো বাকিরাও যদি একই কাজ করে, তবে আপনাকেও ভেজাল খাবার খেতে হবে। ফলে আমারও যেমন স্বাস্থ্য ঝুঁকি আপনারও।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল প্রমুখ।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা মুক্ত মঞ্চে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. দিনবন্ধু সাহা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুবুর রহমান, প্রভাষক ডা. মো. ওমর ফারুক, এবি পার্টির রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারুজ্জামান।
জীবননগর:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি, প্রাণিসম্পদ মেলার স্টল পরিদর্শন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশ নেন এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আতিউর রহমান। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জুয়েল শেখ। অনুষ্ঠান সঞ্চালানা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম। বক্তারা বলেন, দেশীয় জাতের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আরও উন্নতি সম্ভব। খামারিদের সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। পরে অংশগ্রহণকারী খামারি ও প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং লিভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আয়োজন করা হয়।
মেহেরপুর:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ বিভাগ চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হাসান শাওন।
উদ্বোধনের আগে বর্ণাঢ্য রেলি জেলা প্রাণিসম্পদ বিভাগ চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন খামারি ও প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়।
ঝিনাইদহ:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ স্লোগানাকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ.এস.এম আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য দেন।
