ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ধানের শীষের পক্ষে আসার আহ্বান জানিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, ঢাকায় যান, মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসেন এক সাথে কাজ করব। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার বামন্দি বাজারে ৩১ দফা দাবির লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট চেয়ে দোকান মালিকসহ পথচারীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল শাওনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
বাজারে লিফলেট বিতরণ শেষে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, একটি পক্ষ মাঝে মধ্যেই কিছু মানুষ নিয়ে যে পরিবর্তনের জন্য আন্দোলন-সংগ্রামে রত আছেন, আমি তাদের উদাত্ত আহ্বান করব- আপনারা আমাদের সাথে আসেন। বিএনপি বড় দল মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে, চেষ্টা আপনারা করতে থাকেন, কোনো আপত্তি নেই, তাই আপনারা দয়া করে আসেন আন্দোলন না করে ঢাকায় যান সেখান থেকে যদি মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদেরতো লাগবে, সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করছি- আসেন এক সাথে রাস্তা চলি ধানের শীষে ভোট চাই। এবং ধানের শীষকে পাশ করানোর জন্য সর্বোপরি রক্ত দিয়ে হলেও চেষ্টা করব। তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।
