ছবির ক্যাপশন:
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেছেন, কর্মীরাই দলের প্রাণ। দলকে টিকিয়ে রাখতে প্রান্তিক পর্যায়ের কর্মীরা পুলিশের ভয়-হুমকি এড়িয়ে মাঠে-ঘাটে, বাঁশবাগানের নিচে নির্ঘুম রাত কাটিয়েছেন। গতকাল সোমবার রাত ৮টায় আমজাদ হোসেনের দলীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে পৌর বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত কর্মীসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে বিএনপি নেতা-কর্মীরা আজ উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তারপরও নানা চক্রান্ত চলছে, এই চক্রান্ত মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। ধানের শীষ প্রতীক সকলের দাবি করে তিনি বলেন, ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করা আমাদের সবার দায়িত্ব। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার দাবি ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর বিএনপির সাবেক সভাপতি মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই বিএনপিকে ক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, শাহজাহান সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু, বিএনপি নেতা আবু সায়েম পল্টু মাস্টার, সাবেক কাউন্সিলার আব্দুল্লাহিল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলার নাসির উদ্দিন, জাসাস নেতা সুলেরী আলভীসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
কর্মীসভা শেষে প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
