চুয়াডাঙ্গায় কৃষকের সঙ্গে প্রতারণা, আসল মোড়কে ভেজাল ভুট্টা বীজ বিক্রি

প্রতারক চক্রের ২ সদস্য আটক, ৩ বস্তা বীজ জব্দ

আপলোড তারিখঃ 2025-11-25 ইং
চুয়াডাঙ্গায় কৃষকের সঙ্গে প্রতারণা, আসল মোড়কে ভেজাল ভুট্টা বীজ বিক্রি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আসল কোম্পানির মোড়ক কেটে কৌশলে নকল ভুট্টা বীজ ভরে কৃষকদের কাছে বিক্রি করা প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গতকাল সোমবার বেলা তিনটার দিকে তাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা থেকে অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এসময় ৩ বস্তা ১ কেজি ও ২ কেজির প্যাকেটজাত নকল ভুট্টাবীজ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের লুৎফর রহমান মুকুলের ছেলে ইমরান হোসেন (৩৫) ও তার সহযোগী পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মুজিবুর রহমান (৪০)।


সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বীজ আমদানিকারক আসাদুল ট্রেডিং ও নিশাদ এগ্রো সিডস নামের প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যবসা করে আসছে। যার মালিক আসাদুল হক। তিনি অভিযোগ করেন, তার আমদানিকৃত বীজের মোড়ক ব্যবহার করে ভেজাল ভূট্টাবীজ বিক্রি করছে। এই অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের টিপু সুলতানের মালিকানাধীন ইমরানের গোডাউন থেকে এসব বীজ উদ্ধার করা হয়। নকল বা ভেজাল এসব ভুট্টাবীজ যমুনা-৫৫ এবং নিশাদ-৫৫ জাতের দুই বীজের আসল মোড়ক পাওয়া যায়। কিন্তু ভূট্টাবীজ হলো বাজার থেকে কেনা ফিড ভুট্টায় রং করা।
এ বিষয়ে ভুট্টাবীজের আমদানিকারক আসাদুল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আসাদুল হক বলেন, ‘আমার কাছে একজন চাষি অভিযোগ দেয় যে তার জমিতে আমার কোম্পানির বীজ নিয়ে কোনো চারা অঙ্কুরিত হয়নি। পরে আমি বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি- আমার প্যাকেটজাত বীজ কিনে কৌশলে মোড়ক কেটে খোলাবাজারে বিক্রি করছে, আর মোড়কটির মধ্যে সাধারণ ফিড ভুট্টা ৩০ টাকা কেজি দরে কিনে লাল রং করে প্যাকেটজাত করে মোড়কে আঠা মেরে চাষীদের মাঝে বিক্রি করছে। আমার বীজের নির্ধারিত প্রতি কেজি মূল্য ৬০০ টাকা। আর ভেজাল ওই বীজ বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা দরে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ জানায়। এরপর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়।’


এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার নুরুল ইসলাম বলেন, বীজ আমদানি করা হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। ভারতের হায়দ্রাবাদে বীজ প্রক্রিয়াজাত করা হয়। উক্ত বীজ আমদানি করি আমদানিকারকরা পাইকারি বিক্রি করে। তারপর এই বীজ বিভিন্ন বীজ ভাণ্ডার থেকে কৃষকরা নেয়। চুয়াডাঙ্গা উন্নত জাতের ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা। এখানে এই প্রতারকচক্রগুলো খুবই কৌশলে এসব করছিল। ১ বিঘা জমিতে দুই থেকে আড়াই কেজি বীজ লাগে। প্রতারক চক্রের তথ্যমতে, ১৫০ কেজির বেশি বিক্রি করেছে। যা প্রায় ৭০-৮০ বিঘা জমিতে রোপনযোগ্য। এটি চুয়াডাঙ্গার এ বছর স্থানীয় ভুট্টার ফলন হ্রাস করবে ও কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করবে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা নামের একটি গোডাউনে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন বস্তা নকল ভুয়া ভুট্টা বীজ উদ্ধার করে। আমরা দেখতে পাই খুব কৌশলে অরিজিনাল প্যাকেট যা বীজ কিনে। ব্লেড দিয়ে সূক্ষ্মভাবে কেটে আসল বীজ বের করে খোলা বাজারে বিক্রি করা হয়েছে এবং প্যাকেটে ভেজাল ভুয়া নকল বীজ ভরে পুনরায় প্যাকেটটি হুবহু আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে আঠা জাতীয় কোনো দ্রব্যের মাধ্যমে। এরপর চুয়াডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে এ বীজ কৃষকদের মাঝে কম দামে বিক্রি করা হয়েছে। তথ্য পেয়েছি শুধু চুয়াডাঙ্গাতে নয় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বীজ পাঠানো হয়েছে। এসময় প্রতারক চক্রের মূল হোতা ইমরান এবং তার সহযোগী মুজিবুর নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের নামে মামলা রুজু করে আদালতের শপথ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)