ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ গতকাল শুক্রবার ধর্মীয় আলোচনা ও ভাবগম্ভীর পরিবেশে মুখরিত ছিল। মাখালডাঙ্গা জান্নাতুল মাওয়া ক্বওমীয় মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিং ও নূরানী কিন্ডার গার্টেনের উদ্যোগে আয়োজিত হলো প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মাদ্রাসার কমিটির সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। মাদ্রাসার পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণে তিনি এই মহতী আয়োজনে এসে মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন খ্যাতিমান আলেম মাওলানা মুফতি মেহেদী হাসান যশোরী, যিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মওলানা মুফতি জুনাইদ আল হাবিবী। বক্তারা নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলোচনা করলে ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগ সহকারে তা শ্রবণ করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী, মাখালডাঙ্গা ইউনিয়নের পরিষদের কাউন্সিলর আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
