চুয়াডাঙ্গা জেলা পুলিশের নভেম্বর-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সভাপতিত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন ইউনিটের উপস্থিত অফিসার-ফোর্সদের সমস্যাবলি মনোযোগ দিয়ে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়গুলোর সমাধান তুলে ধরেন। মাঠ পর্যায়ের সদস্যদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ, বিশুদ্ধ পানির ফিল্টার এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করেন।
সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং সামগ্রিক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত দুই পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, ডিআইও-১ ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
