ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। এছাড়া সীমান্ত অতিক্রমকালে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। গত শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানা গেছে, গত শনিবার ১টা ১০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭১/এম-এর কাছাকাছি মোল্লাবাড়ি মাঠ থেকে আসামীবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার সঞ্জয় কুমার সিংহ।
অন্যদিকে একই দিন রাত ১২টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৫৯/৫-এস এর কাছে রায়পুর গ্রামের একটি কলাবাগান থেকে ২৮৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার কাজী আবেদ আলী। এর আগে ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৩৭-আর এর কাছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করে। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
