ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় এক নারীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন -নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চরপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর নাজমিন নাহার নামে এক নারী ব্যাংক থেকে ৭ হাজার ৫০০ টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার ডিজিটাল মোড়ে পৌঁছালে একদল প্রতারক কৌশলে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। গতকাল ওই নারী বড়বাজার এলাকায় গেলে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় কয়েকজন পালিয়ে গেলেও নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে ওই নারী আরও অভিযোগে করেন, তার কাছ থেকে মোট ৭০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ওই চক্রটি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
