কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে গণসংযোগে রুহুল আমিন

জনগণের কল্যাণেই রাজনীতি করি

আপলোড তারিখঃ 2025-11-11 ইং
কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে গণসংযোগে রুহুল আমিন ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. মো. রুহুল আমিন বলেছেন, ‘আমরা ব্যক্তিস্বার্থে রাজনীতি করি না, জনগণের কল্যাণেই রাজনীতি করি। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে আর কেউ সুবিধাবাদীদের খপ্পরে পড়বে না।’ গতকাল সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নেন। বেলা তিনটা থেকে শুরু করে রাত সাড়ে নয়টা পর্যন্ত তিনি ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ী, বুইচিতলা, সদাবরি, ধান্যঘরা, দুর্গাপুর ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় গণসংযোগ করেন। কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন মহল্লায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।


রাত ৮টায় ধান্যঘরার একটি পথসভা ও রাত ৯টায় কার্পাসডাঙ্গা বাজারের সমাবেশে রুহুল আমিন বলেন, ‘আসন্ন নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনো চাঁদাবাজ বা সুযোগসন্ধানীদের হাতে জিম্মি না হয়।’ তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মাওলানা হাবিবুর রহমান, দেলোয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ- এরা সবাই ছিলেন সৎ ও নীতিবান নেতা। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।’


রুহুল আমিন আরও বলেন, ‘আমরা নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করি না, জনগণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য রাজনীতি করি। বন্যা, অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগ-যেখানেই বিপদ এসেছে, জামায়াতই সবার আগে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘৫৪ বছর ধরে আপনারা অনেক দলকে সুযোগ দিয়েছেন, এবার আমাদের একবার দেখুন। আমরা যদি ব্যর্থ হই, মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি, তবে পাশে রাখবেন।’
সন্ধ্যায় কুড়ুলগাছির ধান্যঘরা (৪ নম্বর ওয়ার্ড) দুর্গাপুর গ্রামের ৬২ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা থানা আমির মো. নায়েব আলী, থানা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর ও কুড়ুলগাছি ইউনিয়ন আমির সাদেকুল ইসলাম। এর আগে সকাল ৮টায় রুহুল আমিন দামুড়হুদা উপজেলার বেস্টপুর গ্রামে এক মহিলা সমাবেশে বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)