ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহারে অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে এক সার ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এর আগে গত শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলায় ৪০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। গোষ্ঠবিহার গ্রামের সামছুর রহমান লাল্টুর ছেলে শামীম রেজাসহ তিনজন ব্যবসায়ী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডিলার রফিকুল ইসলামের কাছ থেকে ট্রাকভর্তি সার কিনে আনছিলেন। পথে ড্রাইভার রাস্তা ভুল করলে ট্রাকটি ব্যাক নেওয়ার সময় হেরিংবোন রাস্তায় খাদে পড়ে যায়।
খবর পেয়ে প্রথমে তিতুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সার জব্দ করে এবং গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক লিটুর হেফাজতে রাখেন। পরে সেখানে উপস্থিত হন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল। তিনি জানান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ সার জব্দ করেছে। তবে ব্যবসায়ীরা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনার সময় তিতুদহ ক্যাম্পের এসআই সামছুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এদিকে, মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় দৈনিক খাসখবর পত্রিকার সাংবাদিক আশরাফুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী। এ ঘটনার পর সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
