ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে সার ডিলার উম্বাদ আলী জোয়ারদারের গোডাউনে সার নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ডিলারের ডিলারশিপ বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভটি বিকেল পাঁচটার দিকে গড়চাপড়া গ্রাম থেকে শুরু হয়ে মদন বাবুর মোড় ঘুরে জেহালা হাসপাতাল মোড় পর্যন্ত চলে। এরপর তারা সড়ক অবরোধ করে পুলিশের প্রতি ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। এতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গোডাউনে সার বিতরণের সময় গড়চাপড়া গ্রামের বিল্লা শাহের ছেলে রনি (৩৫) ও খুদিয়াখালী গ্রামের গাজী উদ্দিনের ছেলে রাসেল আলীর (২৫) মধ্যে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে রনি রাসেলকে মারধর করেন। পরে রাসেল তার ভাই রিয়াজকে খবর দিলে রিয়াজ কয়েকজনকে নিয়ে এসে রনির ওপর হামলা চালান।
এসময় স্থানীয়রা আহত রনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন। তারা দাবি করেন, ঘটনার সঙ্গে সার ডিলার উম্বাদ আলী জোয়ারদারের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সার ডিলার উম্বাদ আলী জোয়ারদার বলেন, ‘আমার ডিলার পয়েন্টে কৃষি অফিসের তত্ত্বাবধানে নিয়মিত সার বিক্রি হচ্ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে দুই কৃষকের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনাটি ঘটে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ঘটনার পর আহতের ভাই মামলা করেছেন। ইতিমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
