ঝিনাইদহ-২ আসন মিত্রদলকে ছাড়ার গুঞ্জন, উত্তাল তৃণমূল বিএনপি

মাঠের ত্যাগী নেতাদের ‘অস্তিত্ব সংকট’ আশঙ্কা

আপলোড তারিখঃ 2025-11-07 ইং
ঝিনাইদহ-২ আসন মিত্রদলকে ছাড়ার গুঞ্জন, উত্তাল তৃণমূল বিএনপি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-২ আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি। স্বাধীনতার পর থেকে বিএনপির প্রার্থী এই আসন থেকে একাধিকবার জয়ী হয়েছেন। ফলে জেলা সদরের এই আসনটি বিএনপির হৃৎস্পন্দন ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। গুঞ্জন উঠেছে ঝিনাইদহ-২ আসন মিত্রদলের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এ খবরে তৃণমুল বিএনপিতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।


তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-২ আসন বহুদিন ধরেই বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনের রাজনীতি মূলত ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল নেতা-কর্মীদের ত্যাগ, আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের ওপর। কিন্তু সেই দৃঢ় সেই ঘাঁটিতেই এখন দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝিনাইদহ-২ আসনে যদি বিএনপির প্রার্থী না থাকে তবে এই অঞ্চলে বিএনপির অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। গভীর সংকট দেখা দিবে মাঠের রাজনীতিতে।
তৃণমূল বিএনপির নেতা সাধুহাটি ইউনিয়নের কৃষক আলাউদ্দীন জানান, যারা বছর দশকের পর দশক ধরে রাজপথে থেকে দলকে টিকিয়ে রেখেছেন, হামলা-গ্রেপ্তার সহ্য করে সংগঠন ধরে রেখেছেন, তারা যদি মনোনয়ন বঞ্চিত হন তবে ভবিষ্যতে আর কেউ বিএনপি করবে না।। ফলে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলায় বিএনপির জনপ্রিয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দিলে আসনটির মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি জেলার অন্য তিনটি আসনও নেতৃত্বে সমৃদ্ধ থাকবে।


সদরের নগরবাথান গ্রামের মোজাম্মেল হক জানান, ঝিনাইদহ এলাকার রাজনীতি গড়ে উঠেছে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও মাঠের লড়াইয়ের ওপর ভিত্তি করে। তাই প্রার্থী নির্বাচনে যদি সেই বাস্তবতা উপেক্ষা করা হয়, তাহলে সংগঠনের ভিত নড়বড়ে হয়ে যাবে এবং দলের অভ্যন্তরে বিভক্তি অনিবার্য হয়ে উঠবে।


এদিকে বিএনপির প্রবীণ নেতা আক্তারুজ্জামান বলেন, ঝিনাইদহ-২ আসনে এমন অনেক পরিবার আছে যাদের সদস্যরা বছর পর বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কারো বাড়ি পুড়েছে, কেউ মামলা খেয়ে পালিয়ে থেকেছে, কেউ আবার জেল খেটেছে; কিন্তু দল ছাড়েনি কেউই। সেই মানুষগুলোর মনে এখন একটাই প্রশ্ন, যাদের রক্ত, শ্রম আর ত্যাগে এই আসনের সংগঠন টিকে আছে, তাদের বাদ দিয়ে শরীক দলকে সিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটা হবে নিজের কান কেটে অপরের যাত্রা ভঙ্গের শামিল।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে জরুরি হলো দ্রুত, স্বচ্ছ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া। কারণ এই আসনের প্রশ্ন কেবল একজন প্রার্থীর নয়, বরং এটি দলীয় অস্তিত্ব, তৃণমূলের সম্মান ও আন্দোলনের উত্তরাধিকার রক্ষার প্রশ্ন। সময় এসেছে দল প্রমাণ করুক, তারা ত্যাগ ও সংগ্রামের মূল্য দিতে জানে কি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)