ঝিনাইদহে গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন দিগন্ত

আপলোড তারিখঃ 2025-11-07 ইং
ঝিনাইদহে গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন দিগন্ত ছবির ক্যাপশন:

ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সদর উপজেলার হলিধানী ব্লকের কৃষক আব্দুর রহিম বাদশা পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে তরমুজ চাষ করে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। রসে ভরা টইটম্বুর তরমুজ দেখতে ইতোমধ্যেই খেতে ভিড় করছেন স্থানীয়রা। ফলের মান ও স্বাদে সন্তুষ্ট কৃষক ও কৃষি কর্মকর্তারাও।


জেলা কৃষি বিভাগ জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে ৫২ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন তরমুজের বীজ রোপণ করেন আব্দুর রহিম বাদশা। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোপণ করা এই ফসলের গোড়ার আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করা হয়েছে আধুনিক মালচিং পদ্ধতি। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে তৈরি করা হয়েছে মাচা, যেখানে ঝুলছে তরতাজা তরমুজ।


কৃষক আব্দুর রহিম বাদশা বলেন, ৫২ শতাংশ জমিতে ১১টি মাচায় তরমুজ চাষ করেছি। দুই হাজারেরও বেশি ফল ধরেছে। প্রতিটি ফলের ওজন গড়ে ৩ থেকে ৫ কেজি। খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা, আর ইতোমধ্যেই ১ লাখ ২৫ হাজার টাকায় সব তরমুজ বিক্রি করেছি। গড়ে আড়াই মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ করা সম্ভব হয়েছে। ফলের রঙ, স্বাদ ও মান সবকিছুই আশানুরূপ।


এদিকে কৃষি মন্ত্রণালয়ের বিশেষ টিম গতকাল বৃহস্পতিবার বিকেলে এই তরমুজ খেত পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ফসল উইং, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্মপ্রধান ফেরদৌসী আখতার, উপপ্রধান রত্না শারমীন করা ও সিনিয়র সহকারী প্রধান প্রিয়াংকা দেবী পাল।


স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. সেলিম রেজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর এ নবী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন। কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কৃষকদের আমরা নিয়মিত লাভজনক ফসলের দিকে উৎসাহিত করছি।
পরিদর্শন শেষে ফেরদৌসী আখতার বলেন, স্বল্পমেয়াদি এই ফসল কৃষকদের দ্রুত লাভ এনে দিতে পারে। সরকার কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)