ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ের অদূরে গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের মুখে দুইজন পথচারীকে জিম্মি করে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গতকাল রাতেই এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ডাকাতির শিকার জহুরুল ইসলাম জানান, তিনি আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। ভোরে হাজরাহাটি গ্রামে বীজ দিতে যাচ্ছিলেন। হাজরাহাটি মোড়ের ইটভাটার কাছে পৌঁছালে ৪-৫ জনের একদল ডাকাত তার পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে ২২ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, তাকে জিম্মি করার পরপরই ডাকাতরা একটি ট্রাক থামিয়ে সেটিরও মালামাল লুটের চেষ্টা করে।
আরেক ভুক্তভোগী বাদশা ফয়সাল বলেন, তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ জোড়গাছা গ্রামের আব্দুল গাফফারের ছেলে এবং মিঠাই বাড়ির কারখানায় কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। ডাকাতরা তাকে আটক করে ২০০ টাকা ও একটি রিয়েলমি ৯ ফোন ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর করে।
পরে জহুরুল ইসলাম ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্তে অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ডাকাতির শিকার জহুরুল ইসলাম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন।
