ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আমার উৎসব আমার, আপনার উৎসবও আমার, কিন্তু দেশ আমাদের সবার। একজন মানুষ লেখাপড়া শেখার পর বিনা ঘুষে চাকরি পাবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক বা মুসলমান হোক।’ তিনি আরও বলেন, ‘একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো সিদ্ধান্ত নিয়ে কোনো অন্যায় কাজ না করা। কোন ধর্মে পাপ কাজ করতে, মানুষের ক্ষতি করতে, মিথ্যা কথা বলতে, খুন করতে শেখায় না। মিথ্যা না বলার শিক্ষা আপনি ধর্ম ছাড়া অন্য কোথাও পাবেন না। একজন নাগরিক হিসেবে এই কাজগুলো করা ও মানা খুবই জরুরি।’
গতকাল বুধবার সন্ধ্যায় দামুড়হুদা ফকিরপাড়া গ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একই উপজেলায় রাত আটটায় উজিরপুর গ্রামে পথসভায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুহসিন এমদাদুল্লাহ জামেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটোন ও যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেম জিহাদী ও সেক্রেটারি মাওলানা ইমরুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন।
প্রধান অতিথি রুহুল আমিন বলেন, সুস্থ সুন্দর পরিবেশে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪ বছরে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়ন দৃশ্যমান নয়। জামায়াত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে দেশ পরিচালনা করবে ন্যায়ের ভিত্তিতে। দেশে কোন সংঘাত, হানাহানি, মারামারি, লুটপাট ইত্যাদি ঘটনা আর ঘটবে না। জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে একবারের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
