৬৪ জেলা ভ্রমণে এক দূরন্ত তরুণ রুহিত

‘দূষণ মুক্ত পরিবেশ, বাইসাইকেলে দেখব দেশ’

আপলোড তারিখঃ 2025-11-02 ইং
৬৪ জেলা ভ্রমণে এক দূরন্ত তরুণ রুহিত ছবির ক্যাপশন:

‘দূষণমুক্ত পরিবেশ, বাইসাইকেলে দেখব দেশ’- এমন এক মহৎ স্লোগানে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের এক অদম্য অভিযানে নেমেছেন রুহিত দত্ত নামে এক তরুণ। ইতোমধ্যে ৩১টি জেলার পথচলা শেষ করে তিনি প্রমাণ করেছেন তার সংকল্পের দৃঢ়তা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রুহিত এসে পৌঁছান চুয়াডাঙ্গা জেলায়। স্থানীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক সময়ের সমীকরণের প্রধান কার্যালয়ে ঘুরে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, যা তার প্রতি মুহূর্তের অনুপ্রেরণা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আকাক্সক্ষাকে প্রতিফলিত করে।


সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার তাজপুর গ্রামের তপন দত্তের ছেলে রুহিত। এই ব্যতিক্রমী ভ্রমণের অনুপ্রেরণা প্রসঙ্গে তিনি বলেন, একবার তার এলাকায় চট্টগ্রাম থেকে আগত তাম্মাত আহমেদ নামে এক তরুণ ৬৪ দিনে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন। সেই ঘটনা থেকেই রুহিত এই দুঃসাহসিক ভ্রমণের জন্য অনুপ্রাণিত হন। চলতি বছরের অক্টোবরের ৮ তারিখে নিজের বাইসাইকেলে নিজ জেলা থেকে তার এই অভিযান শুরু হয়। দ্রুতগতিতে এগিয়ে চলা রুহিত ধীরে ধীরে সকল জেলা ভ্রমণ শেষে ১লা নভেম্বর চুয়াডাঙ্গায় এসে পৌঁছান।
রুহিত জানান, তিনি প্রায় ২৫ দিনে ৩১টি জেলা ভ্রমণ করেছেন এবং চুয়াডাঙ্গা ছিল তার ৩১তম জেলা। তার এই ভ্রমণের মূল উদ্দেশ্য হলো- ৬৪টি জেলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানা এবং সেই জ্ঞান দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি একা রাইড করতেই বেশি পছন্দ করেন, কারণ গ্রুপিং করে বের হলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বলে তার অভিমত।


এই অভিযানের জন্য প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে রুহিত জানান, ভ্রমণের পূর্বে তিনি একটি চাকরি করতেন এবং সেই চাকরি করে টাকা জমিয়েছিলেন এই স্বপ্ন পূরণের জন্য। তবে তার পরিবার এবং ‘মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটি’ থেকে তিনি পেয়েছেন অকুণ্ঠ সমর্থন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি জেলায় তার থাকা ও খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে স্থানীয় সাইক্লিস্ট বন্ধু এবং উদীচী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে। তবে যদি কোনো জেলায় এই সুবিধা না পাওয়া যায়, সেক্ষেত্রে মৌলভীবাজারের জেলা প্রশাসক ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর লোগো ব্যবহারের অনুমতি দিয়েছেন। এর ফলে তিনি প্রতিটি জেলায় সরকারিভাবে থাকার সুবিধা পাচ্ছেন। রুহিত দত্ত দৃঢ়তার সঙ্গে জানান, এখন পর্যন্ত তিনি কোনো বড় বাধার সম্মুখীন হননি। তিনি এখন বাকি জেলাগুলো ভ্রমণ শেষ করে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)