মোটরসাইকেলের ট্যাংকে মিলল ৬ কেজি রুপা

দর্শনা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
মোটরসাইকেলের ট্যাংকে মিলল ৬ কেজি রুপা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা থানার রুদ্রনগর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ আভিযানিক দল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী।


বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে দর্শনা সীমান্ত দিয়ে রুপা চোরাচালানের চেষ্টা চলছে। এরপর তার নির্দেশে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে রুদ্রনগর এলাকায় অবস্থান নেয়।


অভিযান চলাকালে বিকেল সাড়ে পাঁচটার দিকে সীমান্তমুখী একটি মোটরসাইকেলে দুজন সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালালে তেলের ট্যাংকের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো রুপার বল উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ এক হাজার ৯৬৮ টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় এবং উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় দুইজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)