ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ উথলী, কুসুমপুর, মাটিলা ও বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সকাল ৯টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৩.৫ কিলোমিটার ভেতরে মনোহরপুর মাঠের মধ্যে হাবিলদার মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এর আগের দিন রাত ৯টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে ৩০০ গজ ভেতরে চাঁপাতলা গ্রামে মোঃ হামিদুল রহমানের দোকানের সামনে টহল দল ভারতে যাওয়ার সময় দালাল মো. মুকুল হোসেন (৪৪) এবং এক নারীসহ মোট দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। পরবর্তীতে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
এছাড়া রাত ১টার দিকে মাটিলা বিওপির সীমান্ত পিলার ৫৩/১-এস সংলগ্ন এলাকায় নিয়মিত টহল চলাকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুজন বাংলাদেশি অজয় কুমার হাওলাদার (৩৭) ও রিপন মৃধাকে (২৮) আটক করা হয়। আর গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৬০/৩৭-আর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি (পুরুষ ৪ ও শিশু ২)-কে আটক করা হয়, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
