অযত্নে নিজেই ‘রোগী’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স

প্রশিক্ষিত জনবলের অভাবে চার বছরেও চালু হয়নি সেবা

আপলোড তারিখঃ 2025-10-28 ইং
অযত্নে নিজেই ‘রোগী’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স ছবির ক্যাপশন:

যে অ্যাম্বুলেন্স একসময় মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর কথা, সেটিই এখন নিঃশ্বাস ফেলার শক্তিহীন। অযত্ন-অবহেলায় যেন নিজেই রোগী হয়ে পড়েছে ভারত সরকারের উপহার পাওয়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সটি। সদর হাসপাতালের প্রাঙ্গণে এক কোণে পড়ে থাকা আধুনিক এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি এখন কর্তৃপক্ষের বোঝাস্বরূপ। প্রায় চার বছর ধরে কোনো রোগী বহন করেনি এটি। হাসপাতালের নতুন ভবনের পাশে পড়ে থাকা গাড়িটি এখন ধুলোয় ঢাকা, ব্যাটারি মৃত, টায়ারে বাতাস নেই।


২০২১ সালের ২৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসে। উন্নতমানের যন্ত্রপাতি ও আইসিইউ সুবিধাসহ এটি হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি এর সেবা।



হাসপাতাল সূত্র জানায়, প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল না থাকায় আইসিইউ অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বা রাজশাহীতে স্থানান্তরের সময় ঝুঁকি থেকেই যাচ্ছে আগের মতোই। চুয়াডাঙ্গা জেলায় সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালেই নেই আইসিইউ ইউনিট। অথচ সদর হাসপাতাল থেকেই প্রতিদিন গুরুতর রোগীদের দূরবর্তী হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টযুক্ত এই অ্যাম্বুলেন্সটি চালু থাকলে অনেক রোগীর প্রাণ রক্ষা সম্ভব হতো- এমনটাই মনে করেন স্থানীয়রা।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুত কুমার রায় বলেন, ‘অ্যাম্বুলেন্সটি সচল আছে, কিন্তু জনবল না থাকায় চালু করা যাচ্ছে না। আইসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিট চালু হলে এই অ্যাম্বুলেন্সও সেবায় আসবে।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘আইসিইউ অ্যাম্বুলেন্সটি তত্ত্বাবধায়কের অধীনে আছে। প্রশিক্ষিত চিকিৎসক ও সহায়ক কর্মী না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় জনবল পেলে খুব দ্রুত সেবা চালু করা যাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)