ছবির ক্যাপশন:
দর্শনার ঘুঘুডাঙ্গায় ৫ দিন ধরে ৩টি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তারা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না বলে জানা গেছে। এ ঘটনায় সেলিম কসাই ও নাসির কসাই গংয়ের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়াছিন, জোসনা, ফাতেমা, রনি, জাহিদুল, খাদিজা, লামিয়া, আব্দুল্লাহ ও রানাসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।
ভুক্তভোগী মমিন (৫৪) অভিযোগ করে বলেন, ‘আমাদের পৈতৃক জমি দীর্ঘদিন ধরে সেলিম কসাই ও নাসির কসাই গং দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় আমাদের পরিবারকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে জমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রতিপক্ষ নাসির উদ্দিন এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, ‘মমিনের পরিবারের লোকজনই আমাদের বাড়ির সদস্যদের মারধর করেছে।’ এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘আমি বাইরে ছিলাম, বিষয়টি পরে জেনেছি।’
