ছবির ক্যাপশন:
ঢাকার হাতিরঝিল থানার একটি স্বর্ণ চুরি মামলায় চুয়াডাঙ্গা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা ও হাতিরঝিল থানার যৌথ টিম। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার আব্দুল আজিজের ছেলে রহিম (২৬) ও কুষ্টিয়া সদর থানা এলাকার জগতি গ্রামের মামুনুর রশিদের ছেলে আবদুল আল সাউদ প্রান্ত (২৬)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঢাকার হাতিরঝিল নিউ স্কাটন এলাকার এক কানাডা প্রবাসীর বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা যৌথভাবে তদন্ত চালিয়ে চুয়াডাঙ্গা থেকে রহিম ও প্রান্তকে গ্রেপ্তার করে।
ওসি খালেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রহিমের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং প্রান্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের রাতেই ঢাকায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
ওসি আরও জানান, প্রান্ত একসময় চুয়াডাঙ্গায় থাকতেন এবং সেই সময় থেকেই তার সাথে রহিমের পরিচয় রয়েছে। এই পরিচয়কে কাজে লাগিয়ে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়েছিল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
